অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত ওয়াইলি পার্ক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার (স্থানীয় সময়) রাতে কর্নেলিয়া স্ট্রিটের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ জানায়, রাত প্রায় পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি চিকিৎসা সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তখন বাড়িটির পেছনের আবাসিক অংশ পুরোপুরি আগুনে পুড়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে একজন ৫২ বছর বয়সী পুরুষ, একজন ৪৩ বছর বয়সী নারী এবং একজন ১৬ বছর বয়সী কিশোর রয়েছে। তারা বাড়ির পেছনের একটি গ্র্যানি ফ্ল্যাটে বসবাস করতেন।
পুলিশ ঘটনাস্থলকে অপরাধস্থল ঘোষণা করে তদন্ত শুরু করেছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে বিকট শব্দ ও পোড়া গন্ধ টের পেয়ে বাইরে বের হয়ে তারা আগুন দেখতে পান। কয়েকজন প্রতিবেশী ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। তবে সামনের অংশে থাকা এক বৃদ্ধাকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন এক প্রতিবেশী।
ফায়ার সার্ভিস বিভাগ জানায়, ভবনের পেছনের অংশে পৌঁছানো কঠিন হওয়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভবনের ওই অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
আগুনের প্রকৃত কারণ জানতে পুলিশ, অগ্নি-তদন্ত বিশেষজ্ঞ ও ফরেনসিক কর্মকর্তারা যৌথভাবে তদন্ত করছেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
এদিকে শীত মৌসুমে হিটার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দমকল কর্তৃপক্ষ। তারা বাসাবাড়িতে কার্যকর ধোঁয়া শনাক্তকারী (স্মোক অ্যালার্ম) স্থাপন এবং বৈদ্যুতিক ও গ্যাসচালিত যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দিয়েছে।