চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক দোকানি নিহত হয়েছেন।
গতকাল রবিবার রাত ১১টার দিকে উপজেলার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। তিনি ওই এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে নিজ দোকানে অবস্থানকালে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ শাহাদাতের ওপর হামলা চালায়। তাকে মারধর করে তারা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।