গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে একাব্বর আলী (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায় নিরাশা আকন্দ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
গ্রেফতার নিরাশা আকন্দ সুন্দরগঞ্জ উপজেলার কানি চরিতাবাড়ী এলাকার মতিন আকন্দের ছেলে। তিনি এ মামলার দ্বিতীয় আসামি।
আজ শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরাজী শেকসেন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।
গত ৫ জুন বেলা ১১টার দিকে একাব্বর আলী নিজ বাড়িতে একা থাকার সুযোগে আসামিরা তাকে অপহরণ করে কানি চরিতাবাড়ী গ্রামের আব্দুল লতিফ আকন্দের বাড়িতে নিয়ে যান। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে আসামিরা একটি বাঁশবাগানে ফেলে রেখে যান।
পরে তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একাব্বর আলী। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২ জুলাই সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
এসআরবি জানায়, মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হাতীবান্ধা উপজেলার আরাজী শেকসেন্দর গ্রামে অভিযান চালিয়ে নিরাশা আকন্দকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।