গাইবান্ধায় চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন ৬৫ বছর বয়সী এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) ভুক্তভোগী ওই নারীর ছেলে মো. গোলাপ উদ্দিন এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ওই নারী বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাম্প্রতিক সময়ে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
অভিযুক্ত ব্যক্তি সাদা মিয়া (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামে মৃত দারোগ আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর অভিযুক্ত সাদা মিয়া ওই নারীকে কাজের কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। পরে চুরির অপবাদ দিয়ে ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে পিটান। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। শুক্রবার নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় ওই নারীকে গাছের সঙ্গে দুই হাত ও পা রশি দিয়ে বেঁধে একটি লাঠিসদৃশ বস্তু দিয়ে একের পর এক আঘাত করা হচ্ছে। নির্যাতনের সময় ওই নারীকে চিৎকার করতে থাকেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চেয়ে সাদা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। ঘটনাটি জানাজানির পর তিনি এলাকা ছেড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।