দীর্ঘ প্রতীক্ষার পরে গত বছর মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ধূমকেতু’। এটাই কি দেব-শুভশ্রী জুটির শেষ ছবি? আর কি তাঁদের একসঙ্গে দেখা যাবে না? এমন বহু প্রশ্ন উঠেছিল। অবশেষে মিলল সেই প্রশ্নের উত্তর। ২০২৬-এ ফের জুটি বাঁধছেন তাঁরা। এই বছর পুজোতেই নাকি মুক্তি পাবে সেই ছবি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি অভিনেতা ও পরিচালক পরমব্রত চ্যাটার্জির একটি পারিবারিক অনুষ্ঠানে দেব ও শুভশ্রীকে দীর্ঘ সময় ধরে একান্তে কথা বলতে দেখা যায়। সেখান থেকেই ফের একসঙ্গে কাজ করার গুঞ্জন আরও জোরালো হয়। উপস্থিত অনেকেই বিষয়টিকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।
নতুন সিনেমার নাম ও নির্মাতা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে টালিউডে গুঞ্জন, এটি দেবের ব্যবসাসফল সিনেমা ‘খাদান’–এর সিক্যুয়েল হতে পারে। ছবিটিতে প্রেম, অ্যাকশন ও রোম্যান্সের সমন্বয় থাকবে এবং দেবকে দেখা যেতে পারে আগের চেয়ে ভিন্ন লুকে। শুভশ্রীর চরিত্রও নাকি গল্পের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে।
এর আগে, বিভিন্ন সাক্ষাৎকারে দেব ও শুভশ্রী দুজনেই জানিয়েছিলেন, ভালো গল্প ও সঠিক সময় এলে তারা আবার জুটি বাঁধতে আপত্তি করবেন না। সেই মন্তব্যের পর থেকেই অনুরাগীরা নতুন করে আশায় বুক বেঁধেছিলেন। এবারের খবর সেই আশাকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।
গত দেড় দশকে দেব–শুভশ্রী জুটি টালিউডকে উপহার দিয়েছে একের পর এক সুপারহিট সিনেমা। এর মধ্যে রয়েছে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’। যেগুলো বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকের হৃদয়েও জায়গা করে নেয়। ব্যক্তিগত ও পেশাগত কারণে দীর্ঘদিন আলাদা পথে হাঁটলেও এবার সেই জনপ্রিয় জুটি আবার এক হওয়ার পথে-এমনটাই মনে করছেন সিনেমাপ্রেমীরা।