আজ নবনির্বাচিত সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে । বৃহস্পতিবার বেলা ১১টায় বসতে যাচ্ছে অধিবেশন। এই অধিবেশনের প্রথম দিনেই নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহাসিক এই অধিবেশনের সূচনা হবে।
সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী, বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার কথা।
কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন তৎকালীন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্যদিকে, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে রয়েছেন। ফলে স্পিকারের শূন্য আসন নিয়েই শুরু হচ্ছে এবারের সংসদ।
এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, অধিবেশনের শুরুতে সংসদ নেতা তারেক রহমান সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন। অন্য একজন সদস্য তা সমর্থন করার পর ওই জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বেই শুরু হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া।
প্রথম দিনে যা যা থাকছে
প্রথম অধিবেশনটি প্রায় এক মাস চলতে পারে। অধিবেশনের প্রথম দিনের কার্যসূচি সম্পর্কে চিফ হুইপ জানান, পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হবে। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার পদে একাধিক প্রার্থী না থাকলে কণ্ঠভোটের মাধ্যমেই তারা নির্বাচিত হবেন।
নির্বাচনের পর ১৫ থেকে ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হবে। এই বিরতিতে সংসদ ভবনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে।
অধিবেশনে পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এছাড়া প্রথম বৈঠকে সরকারের প্রধান কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের মেয়াদে জারি করা প্রায় ১৩০টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা।
এসব অধ্যাদেশ বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এরপর সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী বছরের প্রথম ও নতুন সংসদের প্রথম অধিবেশন হিসেবে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই প্রথম দিনের অধিবেশন মুলতবি হবে।