NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানাচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে বিসিবির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) অনলাইনে দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা আছে।

আইসিসির যেকোনো টুর্নামেন্টের আগে সাধারণত আয়োজক সংস্থা ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, কোনো দেশ যদি পরবর্তীতে টুর্নামেন্ট বা নির্দিষ্ট কোনো ম্যাচে অংশ না নেয়, তবে আইসিসিকে এর গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হয়।

সাধারণত এক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা-কে সবচেয়ে গ্রহণযোগ্য কারণ হিসেবে ধরা হয়। অতীতেও এমন নজির আছে। যেমন ভারত–পাকিস্তান সিরিজ বাতিল বা ভেন্যু পরিবর্তনের ক্ষেত্রেও একই কারণ দেখানো হয়েছিল, যা আইসিসি মেনেও নিয়েছে। চলতি বিশ্বকাপেও পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে আয়োজনের সিদ্ধান্ত এর আরেকটি উদাহরণ।

এবার বিসিবিও একই পথ অনুসরণ করতে চায়। ভারত সফর নিয়ে বাংলাদেশের প্রধান উদ্বেগ হলো 'নিরাপত্তা'। বাংলাদেশ সরকার মনে করছে—ভারতে খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিশ্চিত নয়; বিসিবির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। তাই বাংলাদেশ দল বিশ্বকাপ উপলক্ষে ভারতে যেতে অনিচ্ছুক এবং তাদের ম্যাচগুলো যেন অন্য দেশে আয়োজন করা হয় এমনটাই চাচ্ছে বোর্ড।

প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক ও উগ্র সংগঠনের হুমকির কারণে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে স্বাভাবিকভাবেই নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতে গেলেও বা কতটা নিরাপদ থাকবে? খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ছাড়াও সাংবাদিক ও দর্শক মিলিয়ে একটি বড় অংশ ভারতেই থাকবে। একজন নির্দিষ্ট খেলোয়াড়ের নিরাপত্তাই যদি নিশ্চিত না হয় তাহলে এত মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?—এমন প্রশ্ন তুলছে বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলামও সোমবার বলেছেন, এই মুহূর্তে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে হচ্ছে না। তিনি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ‘অসম্মানজনক’ বলেও উল্লেখ করেন। আইসিসির মধ্যস্থতায় বিসিসিআই আজকের বৈঠকে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে। তবে এতেও বিসিবি রাজি হওয়ার সম্ভাবনা কম।

পুরো পরিস্থিতি বিসিসিআইয়ের ওপর চাপ এখন তৈরি করেছে। কারণ আয়োজক হিসেবে সব দলের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা তাদেরই দায়িত্ব। আইসিসির বর্তমান প্রধান ভারতীয় হওয়ায় বিষয়টি উপেক্ষা করাও সহজ নয়। ভারতীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর প্রস্তাবে আইসিসি ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে।

বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করাটাও কঠিন। সূচি, সম্প্রচার ও প্রতিপক্ষ দলগুলোর সম্মতির মতো নানা জটিলতাও রয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ, এগুলো পুনর্বিন্যাস করাও সহজ ব্যাপার নয়।

যদি আইসিসি বিসিবির প্রস্তাব না মানে এবং বাংলাদেশও খেলতে না যায়, তাহলে নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দলগুলো ওয়াকওভার পাবে। এমনকি কঠোর শাস্তির আশঙ্কাও রয়েছে। তবে বিসিবির বিশ্বাস, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে শেষ পর্যন্ত বড় কোনো শাস্তি দেওয়া হবে না। কারণ বিষয়টি সবার কাছেই যুক্তিযুক্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেয়ারবাজারে আজ দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যা

1

ঈদে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক মন্ত্রী

2

আবারও নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা

3

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় গ্রেফতার

4

সয়াবিন তেলের সরবরাহ–সংকট

5

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

6

হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে মৃত্যুদণ্ড দাবি

7

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

8

কানাডায় আয়োজিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

9

জম্মু-কাশ্মীরের ক্রিকেটে বিতর্ক! হেলমেটে ফিলিস্তিনের পতাকা,

10

জেনে নিন খোসাসহ পেয়ারা খাওয়ার উপকারিতা

11

নরসিংদীতে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর

12

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

13

এসি বাসে দুর্ঘটনা কমাতে নতুন নির্দেশনা দিল বিআরটিএ

14

ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

15

জ্বালানি মজুত বাড়াতে আরও ৫ লাখ টন তেল কিনছে সরকার

16

মাদারীপুরে থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

17

কানাডায় প্রথমবারের মতো ফেডারেল এমপি নির্বাচিত হলেন ডলি বেগ

18

ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন সাড়ে চার হাজার শ

19

সারাদেশে বেড়েছে শীতের দাপট, জবুথবু জনজীবন

20