ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ 'ভয়াবহ মানবিক বিপর্যয়' ডেকে আনবে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
রোববার (২১ ডিসেম্বর) ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর ফোজ দো ইগুয়াসুতে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট ‘মারকোসুর’র শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই এ হুঁশিয়ারি দেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলায় কোনো ধরনের সশস্ত্র হস্তক্ষেপ শুধু ওই দেশের জন্য নয় বরং গোটা পৃথিবীর জন্যই এক বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে।
তিনি আরও বলেন, এই ঘটনা মানবিক বিপর্যয়ে রূপ নেবে। এটি এমন একটি নজির সৃষ্টি করবে, যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা সম্প্রতি আরও বেড়েছে।
এর আগে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা ও দেশটির জলসীমায় প্রবেশ করতে যাওয়া নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল ট্যাঙ্কারগুলো ‘অবরোধ’ করার আদেশ দিয়েছেন তিনি।