নীলফামারীর ডিমলায় দায়িত্ব পালনের সময়ে হঠাৎ করে থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আহত হওয়ার পাশাপাশি ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটার ভেঙে পুরোপুরি অকেজো হয়ে যায়।
আজ শুক্রবার রাত ১২ টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ডিউটি অফিসার হিসেবে থানার এএসআই মো. মসলিম উদ্দিন কক্ষে দায়িত্ব পালন করছিলেন। এ সময়ে হঠাৎ করে ছাদের বড় একটি অংশের পলেস্তারা খসে তার ওপরে ও টেবিলে পড়ে। এতে দায়িত্বরত সেই পুলিশ কর্মকর্তা আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহত এ এসআই মো. মসলিম উদ্দিন বলেন, ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময় কক্ষের ছাদের পলেস্তারা হঠাৎ খসে পড়ে। এতে আমার কাঁধে জোরে আঘাত লাগে। থানার পুলিশি কার্যক্রমে ব্যবহৃত সরকারি একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।
এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, বিষয়টি ইতোমধ্যেই পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। আগামীকালই হয়তো মেরামতের পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, গত ৪ দশক পূর্বে বিগত ১৯৮৩ ইং সালে ডিমলা থানার দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। বয়সের ভারে ভবনটির কার্যক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেললেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে অদ্যবধি নতুন ভবন নির্মাণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নিরুপায় হয়ে এই ঝুঁকিপূর্ণ ভবনটিতেই ডিমলা থানার পুলিশ প্রশাসনের সকল প্রকার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।