সাতক্ষীরার সুমিষ্ট ও সুস্বাদু আমের স্বাদ নিতে অপেক্ষা শেষ হলো। নির্ধারিত সময়সূচি মেনে জেলাজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ কার্যক্রম।
আজ মঙ্গলবার (৫ মে) সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আবু সাইদের বাগানে এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যৌথভাবে গাছ থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, খিরশরাই বৈশাখীসহ নানা প্রজাতির আম পেড়ে কার্যক্রম শুরু করা হয়। জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল অনুষ্ঠানে উপস্থিত থেকে আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিরা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক আমচাষি।
উদ্বোধনের পরপরই বাগানজুড়ে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা। চাষিদের কর্মচাঞ্চল্যে পুরো এলাকা প্রাণ ফিরে পায় এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আমচাষি আবু সাইদ বলেন, দীর্ঘদিন ধরে এই সময়টার জন্য অপেক্ষা করি। এবার গাছে ফলন ভালো হয়েছে। সরকার নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ শুরু হওয়ায় আমরা ভালো দাম পাওয়ার আশা করছি।
৫ জুন আসছে আম্রপালি
এদিকে জেলা প্রশাসনের ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাস, বৈশাখী, খিরশরাই জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। আগামী ১৫ মে বাজারে আসবে সুগন্ধি হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ করা হবে। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
উৎপাদন ও লক্ষ্যমাত্রা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। ৫ হাজারেরও বেশি বাগানে প্রায় সাড়ে ১২ হাজার আমচাষি চাষাবাদ করেছেন। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ হাজার ৯০০ মেট্রিক টন। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, শুধু দেশীয় বাজারেই নয়, সাতক্ষীরার ১০০ মেট্রিক টন আম এ বছরেও ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি হবে।
বাজারদর ও সরবরাহ
সকাল থেকে সাতক্ষীরার বড় আমের বাজার ও আড়ত সুলতানপুরের বড়বাজারে উঠতে থাকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, খিরশরাই, বোম্বাইসহ হরেক প্রজাতির আম। এখানে দেখা গেছে গোবিন্দভোগ ও গোপালভোগ আম ১৮০০ থেকে ২২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। রাজধানী ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম ব্যবসায়ীরা আম কিনতে সাতক্ষীরার বড়বাজার ও বিভিন্ন আমবাগানে ভিড় করতে দেখা গেছে।
সতর্কতা
সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, দেশের আম মৌসুমের শুরুতেই সাতক্ষীরার আম বাজারে ওঠায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গুণগত মান বজায় রেখে এ ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের আম আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। কোনো অসাধু ব্যবসায়ী ও কৃষক অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত করলে তার বিরুদ্ধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।