নারায়ণগঞ্জের বন্দরে সৈয়দ হোসেন পিয়াল (২৪) নামে এক যুবকের হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার একরামপুর সিএসডি গেট এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পিয়াল বন্দর থানার একরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে।
নিহতের বাবা আবুল হোসেন জানান, গভীর রাতে ফুটবল বিশ্বকাপের খেলা দেখে ছেলে নিজ কক্ষে ঘুমাতে যায়। পরদিন সারাদিন কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের ছোট জানালা দিয়ে তাকিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে।
বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফ পাঠান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। যদিও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তবে পেছনের একটি ছোট জানালা দিয়ে সহজেই যাতায়াত করা সম্ভব। এছাড়া মরদেহের হাত বাঁধা ছিল এবং জানালাটিও খোলা পাওয়া গেছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।