স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত, ট্রান্সফার বা বদলি আমি বিশ্বাস করিনা। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি ঘুষ বানিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দিবনা। দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলোকে সংস্কারের মাধ্যমে নতুন ভাবে সাজিয়ে আরো ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টার গুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এই বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। প্রতিটা ক্ষেত্রে আমরা নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। যাতে করে জনগনের উন্নয়ন করা যায়। যাতে করে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো যায়। আমাদের এবারের বাজেট কোনো টাকার বাজে না, আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এবছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করা হচ্ছে। নরসিংদী নার্সিং ইন্সটিটিউটে হবে শিক্ষার্থীদের ক্লাস। আর নরসিংদী নার্সিং ইন্সটিটিউটের ক্লাস হবে ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে। মেডিকেল কলেজের জন্য জায়গা দেখা হচ্ছে, খুব শিগগিরই জায়গা নির্ধারণ করে সেখানে নতুন ভবনের কাজ শুরু করা হবে। চায়নার সহযোগীতায় যে অত্যাধুনিক ১৮টি হাসপাতাল বাংলাদেশে হবে, এর একটি হবে নরসিংদীতে। তবে চেষ্টা করবো শহরের আশেপাশে করতে।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি হারুনূর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক ক মহসিন হোসেন বিদ্যুৎ , কিয়া বিষয়ক সম্পাদক আওলাত হোসেন মোল্লা, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সদর উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সাহেদ সরকার প্রমুখ।
এসময় অন্যান্য অমন্ত্রিত অতিথিবৃন্দসহ নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা অংশ নেন।