বগুড়ার শিবগঞ্জে বসতবাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোরে ছাতুয়া মাতালপাড়া গ্রামের শ্রী গোপাল চন্দ্রের বাড়ির দেয়াল কেটে এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা চারপাশ থেকে ঘিরে ফেলে ওই ব্যক্তিকে। এসময় উত্তেজিত গ্রামবাসী তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেবো।