নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত হন।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ১ নং আসামী ইসমাইল হোসেম সিরাজিকে গ্রেফতার করা হয়েছে। তিনি যাত্রাবাড়ি থানার যুবলীগ নেতা বলে জানা গেছে। অন্যান্য আসামীদের মধ্যে রয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ।
এছাড়া মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ ওমর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং ছাত্রলীগ নেতা তায়েব শিকদারসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কর্মকাণ্ডের নামে প্রকাশ্যে মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলার তদন্তের পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।