মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে দুর্গাপুর পৌর এলাকার বাজারসমূহে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দুর্গাপুর পৌরসভার বিভিন্ন বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুর্গাপুর পৌরসভার সকল বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পৌরসভার সচিব, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ এবং বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, দুর্গাপুর পৌরসভার বাজার এলাকায় ১৫০টি এবং শিবগঞ্জ বাজারে ২০টিসহ মোট ১৭০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও কারিগরি বিষয় পর্যালোচনা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।