সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ হাজার ৩০০ কোটি টাকার কর্পোরেট বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল সোমবার বিএসইসির ১০০৬তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত বন্ডটি ১০০ শতাংশ সিকিউরড (মর্টগেজ-ব্যাকড), নন-কনভার্টেবল, ফুললি রিডিমেবল এবং জিরো-কুপন বৈশিষ্ট্যের। বন্ডটির মেয়াদ হবে ৩ বছর এবং এর ডিসকাউন্ট রেট ১৩.৫০ শতাংশ।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি (এইচএনআই), স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা কোম্পানিসমূহের কাছে ইস্যু করা হবে।
এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান ঋণ পরিশোধে ব্যবহার করবে।
এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক পিএলসি।
বন্ডটি শেয়ারবাজারে লেনদেনের জন্য অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।