হলিউডের গ্রে’স অ্যানাটমি খ্যাত এরিক ডেন আর নেই। বৃহস্পতিবার ৫৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) নামের জটিল স্নায়বিক রোগে ভুগছিলেন।
অভিনেতার প্রতিনিধি মেলিসা ব্যাংক এক বিবৃতিতে মৃত্যুসংবাদ নিশ্চিত করে জানান, জীবনের শেষ সময়টুকু ডেন পরিবার ও ঘনিষ্ঠজনদের সান্নিধ্যেই কাটিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই কন্যা বিলি ও জর্জিয়াকে রেখে গেছেন।
গত বছর নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন এরিক ডেন। সে সময় তিনি জানান, এএলএস-এর প্রভাবে তার ডান হাতের কর্মক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যুর কয়েক সপ্তাহ আগেও একটি সম্মাননা অনুষ্ঠানে অংশ নিতে না পেরে সরে দাঁড়াতে হয়েছিল তাকে।
তবে অসুস্থতা তাকে থামাতে পারেনি। বরং শেষ দিনগুলোতে তিনি এএলএস সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গবেষণা কার্যক্রমে সমর্থন জোগাতে সক্রিয় ছিলেন।
এরিক ডেন ১৯৭২ সালে সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৩ সালে ওয়ান্ডার ইয়ার্স-এর মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন।টেলিভিশন দর্শকদের কাছে এরিক ডেন সবচেয়ে বেশি পরিচিত মেডিক্যাল ড্রামা ‘গ্রে’স অ্যানাটমি’ -তে ড. মার্ক স্লোয়ান চরিত্রের মাধ্যমে। পরবর্তীতে এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’-তে ‘ক্যাল জ্যাকবস’ চরিত্রে অভিনয় করেও তিনি ব্যাপক প্রশংসা পান।
এরিক ডেন-এর মৃত্যুতে হলিউড অঙ্গন ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণ করছেন এই অভিনেতাকে, যিনি অভিনয়গুণ ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন।