নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পর ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু তাসকিয়া (৭)। সে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তাসকিয়া। অনেক খোঁজাখুঁজি করেও তার পরিবার কোনো সন্ধান পায়নি। এ বিষয়ে নিহতের পরিবার রায়পুরা থানায় একটি অভিযোগও দেয়। তিন দিন পর, অর্থাৎ সোমবার সকালে বালুয়াকান্দি মাঠের পাশে একটি ঝোপের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তাসকিয়ার পরিবার ঘটনাস্থলে ছুটে এসে মরদেহ শনাক্ত করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আলামত সংগ্রহসহ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুতই তাসকিয়ার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।