নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে আগেই ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসিকে অবহিত করেছিল বাংলাদেশ। তবে বুধবার (২১ জানুয়ারি) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা স্পষ্টভাবে জানিয়ে দেয়—বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতেই খেলতে হবে। আইসিসির কড়া অবস্থান, ভারতের বাইরে খেলতে অস্বীকৃতি জানালে বাংলাদেশের জায়গায় অন্য কোনো দলকে যুক্ত করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে মাত্র এক দিনের সময় দেওয়া হয়েছে।
এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেল তিনটায় শুরু হতে যাওয়া এই বৈঠকের আগে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এদিকে, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যমুনা নিউজকে তিনি জানান, সরকারকে কোনো ধরনের চাপ দিতে চান না বিসিবি। তার ভাষ্য, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী, তবে ভেন্যু হিসেবে তারা শ্রীলঙ্কাকে বেশি উপযোগী মনে করছে।
আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় আজ বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গেও আলাদা করে আলোচনা করবেন ক্রীড়া উপদেষ্টা। এসব বৈঠকের পর সরকার যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তা আজই আইসিসিকে জানিয়ে দেওয়া হবে।