ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম আজাদের নিজ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার ১৯ নম্বর ইউনিয়নের (বেগুনবাড়ি) সালের হাট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে চোর। এরপর সকল আসবাবপত্র তছনছ করে আলমারির তালা ভেযে স্বর্ণালংকার নগদ টাকা দামি জিনিস নিয়ে যায়। অন্তত কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়েছে। বিএনপি নেতা আবুল কাশেম আজাদ চিকিৎসার জন্য সপরিবারে ঢাকায় অবস্থান করছেন। চুরির সময় বাড়িতে কেউ ছিলেন না।
আবুল কাশেম অন্তত দুই দশক ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিগত সরকারের সময় তিনি অনেকবার কারণে-অকারণে জেল খেটেছেন।
চুরির ঘটনা সম্পর্কে আবুল কাশেম আজাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি হতবাক যে আমার বাড়িতে এরকম দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আমি এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ও শাস্তির দাবি করছি।