এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আরও বাড়িয়ে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ ইরান সম্প্রচার কেন্দ্রের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে এই দাবি করা হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি পার্বত্য অঞ্চলের আড়ালে থাকা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। তেহরানের দাবি অনুযায়ী, এটি জর্ডানের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি। যদিও এই ভিডিওর সত্যতা এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মূলত গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর যৌথ অভিযান 'অপারেশন এপিক ফিউরি' শুরু হওয়ার পর থেকেই পাল্টাপাল্টি হামলার ঘটনা তীব্র হয়েছে। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেসিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুর পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় নিয়মিত হামলা চালিয়ে আসছে। জর্ডানের আকাশপথ ইসরায়েলি যুদ্ধবিমানের জন্য ইরানের প্রবেশের প্রধান রুট হওয়ায় এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত কয়েক সপ্তাহে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিসহ বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের অন্তত সাতটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। গত ২৭ মার্চের হামলায় একটি মার্কিন নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারও আগে বেশ কিছু জ্বালানি সরবরাহকারী বিমান ইরানের নিশানায় পরিণত হয়।