ইংলিশ ক্লাব আর্সেনালের সঙ্গে অংশীদারিত্বের চুক্তির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত বাড়িয়েছে এমিরেটস। এতে এমিরেটস তাদের জার্সির সামনের অংশের স্পন্সর, ট্রেনিং কিট স্পন্সর এবং স্টেডিয়ামের নামকরণের স্বত্বাধিকারী হিসেবে বহাল থাকছে।
তবে চুক্তির আর্থিক কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। এই চুক্তির নবায়নের মাধ্যমে দুই দশকের পুরনো এক অংশীদারিত্ব অব্যাহত থাকছে, যা ২০০৬ সালে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে স্থানান্তরের সময় শুরু হয়েছিল। গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর ক্লাবের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এই চুক্তি নবায়ন করা হলো।
নতুন এই চুক্তির আওতায় এমিরেটস কাপসহ বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে; যার অংশ হিসেবে আগামী রবিবার এবারের আসরে আর্সেনাল বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে। বৃহস্পতিবার(৬ আগস্ট) এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটির প্রধান নির্বাহী রিচার্ড গার্লিক বলেন, প্রিমিয়ার লিগ জয় আমাদের ক্লাবের ইতিহাসে অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং এই অর্জন আর্সেনালের সঙ্গে সংশ্লিষ্ট সকলের।
তিনি আরও বলেন, এই সাফল্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে এমিরেটস। গত দুই দশক ধরে আমাদের ক্লাবের রূপান্তরের পেছনে থাকা নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত, চ্যালেঞ্জ ও সাফল্যে তারা আমাদের পাশে থেকেছে। আগামী সপ্তাহে নিজেদের অংশীদারিত্বের ২০ বছর পূর্তি উপলক্ষে আর্সেনাল ও এমিরেটস একটি প্রচারণামূলক চলচ্চিত্রও প্রকাশ করবে। এই চলচ্চিত্রে আর্সেনাল ও জার্মানির সাবেক ডিফেন্ডার পার মার্টেসাকারকে দেখা যাবে এবং তাদের সম্পর্কের উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরা হবে।