রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। আর আহতরা হলেন, একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), অপরপক্ষের আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।
স্থানীয়রা জানান, হাবিব শেখ জমিতে পাওয়ার টিলার চালাচ্ছিল। এসময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে কথাকাটাকাটি হয়। এসময় তারা মারধর শুরু করে। কৃষক হাবিব এগিয়ে আসতে গিয়ে মাটিতে পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, মারামারির ঘটনায় শরিফুল শেখ ও টোকন শেখ নামে দুই ভাই হাবিব শেখকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধে ৪ জন আহত হয়েছেন। এসময় এক কৃষকের মৃত্যু হয়েছে। সংঘর্ষ দেখে হার্ড এ্যাটাকে নাকি সংঘর্ষে মৃত্যু হয়েছে এটা এখনও বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।