কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ৩৫১ জনকে আটকের তথ্য জানিয়েছে জেলা পুলিশ। তাদের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এতে অংশ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, জেলার বিভিন্ন থানা এলাকা ও কুমিল্লা মহানগরীর যেসব স্থানে কিশোরদের উৎপাত, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৩২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৫৩কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৫৩
এর আগে ২২ ও ২৩ অক্টোবর টানা দুই রাতের অভিযানে ৪৫০ জনকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে ২৩ অক্টোবর ২৭৫ জন আটক হন। তাদের ১৪২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ২২ অক্টোবর আটক করা হয়েছিল ১৭৫ জনকে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।