নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রিন্টিং কারখানায় ডিবি পুলিশ পরিচয় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতি হওয়া মেশিনারিজ উদ্ধার ও দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকা থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়। পাশাপাশি ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের আকবরশাহ থানার নিউ শহীদ লেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ ও বোয়ালমারী থানার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল (৩২)।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গত ১২ জুন সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিট কারখানায় ২০-২৫ জনের একদল ডাকাত নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ভেতরে প্রবেশ করে সিকিউরিটি গার্ড মালেক, মোবাশ্বির ও হৃদয়কে অস্ত্র মুখে জিম্মি করে ফেলে। ডাকাতরা কারখানায় থাকা প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ, নগদ টাকাসহ ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপরে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তের মাধ্যমে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় রবিবার মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতি হওয়া দুটি কম্প্রেসার, দুটি মোটর উদ্ধার এবং ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।