প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনার সাবেক সতীর্থ ও বন্ধু নেইমার লিওনেল মেসির জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন। ব্রাজিলিয়ান তারকা মেসির পাশাপাশি তার তিন ছেলে মাতেও, থিয়েগো ও সিরো এর জন্যও সান্তোস ক্লাবের ১০ নম্বর জার্সি পাঠিয়েছেন। এই জার্সি নেওয়া ছবি প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস।
সান্তোস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি, প্রিন্স থেকে জিনিয়াস। এটি একটি পবিত্র স্মারক (জার্সি), যার মূল্য অমুল্য। ১০ নম্বরটি পেলের সঙ্গে অমর। নেইমার, মেসি ও পেলের ১০ নম্বর ফুটবলের ইতিহাসে এর উত্তরাধিকার অসীম। ভিলা বেলমিরো থেকে স্বাগতম, লিওনেল মেসি।
মেসিকে নেইমারের জার্সি উপহার দিয়ে সান্তোস লিখেছে, ‘নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি, প্রিন্স থেকে জিনিয়াস। এটি পবিত্র স্মারক (জার্সি), যার মূল্য অপরিমেয়, সংখ্যাটিও (১০) রাজার (পেলে) সঙ্গে অমর হয়ে আছে। নেইমার, মেসি এবং পেলের ১০ নম্বর। ফুটবলের ইতিহাসে এটি অসীম উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে স্বাগতম, লিওনেল মেসি।’
২০১৪-১৫ মৌসুমটা ছিল মেসি ও নেইমারের জন্য বার্সেলোনার জার্সিতে স্মরণীয় একটা সময়। সেই মৌসুমে অপ্রতিরোধ্য ছিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা দেল রে মিলিয়ে বার্সেলোনা জিতেছিল ট্রেবল। মেসি ও নেইমারের সঙ্গে তখন ভালো বন্ধু হয়ে ওঠেন উরুগুয়ের তারকা লুইজ সুয়ারেজ। যিনি বর্তমানে মেসির সঙ্গে মায়ামিতে খেলছেন।
নেইমার ২০১৭ সালে এবং মেসি ২০২১ সালে পিএসজিতে যোগ দেন। ২০২৩ সালে কাছাকাছি সময়ে দুইজনই ক্লাব ছাড়েন এবং ভিন্ন পথ বেছে নেন। তবে এরপরেও তাদের বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায় বারবার। যার উদাহরণ এই জার্সি উপহার।
আর পাঁচ মাস পরই মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ ছন্দে থাকলেও ব্রাজিলের অবস্থা তেমনটা ভালো নয়। যদিও বিশ্বকাপে বদলে যেতে পারে সবকিছু। তবে নেইমারের বড় সমস্যা হলো তার ইনজুরি। ব্রাজিলের কোচ আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না হলে কোনো ফুটবলার বিশ্বকাপ দলে জায়গা পাবেন না। তা নেইমারই হোক বা অন্য কেউ। এখন দেখার বিষয় নেইমার নিজেকে শতভাগ ফিট করে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেন কিনা।