গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে গতকাল সকালে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী সদর উপজেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উদ্যোগে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ-উদ্বোধন করে ৭০-টি ফলজ,বনজ ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ২০০-টি গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -১ আসনের মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার-সদর সার্কেল, মডেল থানা অফিসার্স ইনচার্জ- নরসিংদী, সহকারী বন সংরক্ষক-বনবিভাগ, নরসিংদী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। নরসিংদী জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের,সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণের আহ্বান জানান। পাশাপাশি বাড়ির আঙিনা, রাস্তার পাশে, খালি জমি ও জনসাধারণের ব্যবহারযোগ্য স্থানে অধিক সংখ্যক ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন। আসুন, আমরা সবাই একটি করে গাছ লাগাই এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করি। আজকের একটি গাছই হতে পারে আগামী দিনের নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ ও টেকসই বাংলাদেশের ভিত্তি।