কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একটি পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুমে থাকা অবস্থায় স্ট্রোক করে অথবা পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও আইনগত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) ভোরে উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল হোসেন এএসআই (সশস্ত্র) হিসেবে ওই ক্যাম্পে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে একজনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি ক্যাম্পের সদস্যদের জানানো হয়।
খবর পেয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ রিয়াজ আমীন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ওয়াশরুমের ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে এএসআই রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওয়াশরুমের ভেতর থেকে তার ব্যবহৃত গোসলের তোয়ালে, টর্চলাইট, মোবাইল ফোন ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ রিয়াজ আমীন বলেন, আমাদের এক পুলিশ সদস্যের মরদেহ ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে অথবা পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন