বিলুপ্তপ্রায় এশিয়াটিক ব্ল্যাক বিয়ারসহ (কালো ভালুক) ৯টি বন্য প্রাণী উদ্ধার করেছে বনবিভাগ খাগড়াছড়ি অভিযান থেকে ।মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদরের তেঁতুলতলা এলাকা থেকে বন বিভাগ, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যৌথভাবে এসব উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, প্রাণীগুলো খাগড়াছড়ি সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমার বাড়িতে ছিল। ভুল বুঝতে পেরে তিনি নিজেই এসব প্রাণীর বিষয়ে বন বিভাগকে জানিয়েছেন। তার দাবি, এসব প্রাণী তিনি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কিনেছেন। পরে ভুল বুঝতে পেরে বন বিভাগকে জানিয়েছেন।
নবদ্বীপ চাকমা বলেন, বনে গিয়ে অনেকেই এসব প্রাণী শিকার করতেন। খবর পেয়ে তিনি শিকারিদের কাছ থেকে প্রাণীগুলো কিনেছিলেন। পরে নিজেই লালন–পালন করতেন। এরপর প্রাণীগুলোকে নিরাপদ পরিবেশ দেওয়ার জন্য তিনিই বন বিভাগকে জানান।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, বন্য প্রাণী ধরা অপরাধ। যিনি এত দিন প্রাণীগুলো লালন–পালন করেছেন, তিনি তার ভুল বুঝতে পেরেছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজে জড়াবেন না বলে আশ্বাস দিয়েছেন। বন্য প্রাণী সুরক্ষায় বন বিভাগের কার্যক্রম অব্যাহত রয়েছে।