ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে জয়পুরহাট সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।
ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রভাবশালী নেতাদের বিতর্কিত ‘পুশইন’ হুমকির পর সতর্কতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুধু সীমান্ত চৌকি নয়, চেকপোস্টগুলোতেও কড়া তল্লাশি চলছে। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা যানবাহন যেন এড়িয়ে যেতে না পারে, সেজন্য জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা প্রশিক্ষিত ডগ স্কোয়াড ব্যবহার করছেন । প্রতিটি যানবাহনে যাত্রীদের শরীর তল্লাশির পাশাপাশি ব্যাগ ও মালামাল চেক করা হচ্ছে।
সীমান্তরক্ষী বাহিনী প্রযুক্তির ব্যবহারেও পিছিয়ে নেই । স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রিয়েল-টাইম মনিটরিংয়ের জন্য বিজিবি সদস্যদের পোশাকে যুক্ত করা হয়েছে বডি অন ক্যামেরা।
এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা। যা সরাসরি নিয়ন্ত্রিত হচ্ছে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে।