বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কে জড়িয়ে গেল ইরান। জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সমালোচনার মধ্যে অননুমোদিত পতাকা প্রদর্শন বা দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে ম্যাচ স্থগিত করার হুমকি দিয়েছে দেশটি।
ইরানের গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনয়ামালির জানিয়েছেন, বিষয়টি ইতোমধ্যে ফিফাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ইরান যেসব স্টেডিয়ামে খেলবে সেখানে যদি অননুমোদিত পতাকা আনা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া হয় তাহলে দলের ম্যানেজার ম্যাচ বন্ধ করার উদ্যোগ নেবেন।
আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরান তাদের গ্রুপ জি-এর অভিযান শুরু করবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে তারা বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, মিসরের বিপক্ষে ম্যাচ চলাকালে কোনো বিশৃঙ্খলা হবে না- এমন আশ্বাস পেয়েছেন তারা। তবে এই ম্যাচ ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। কারণ স্থানীয় আয়োজকরা এটিকে ‘প্রাইড ম্যাচ’ হিসেবে ঘোষণা করেছিলেন। এ বিষয়ে ইরান ও মিসরের ফুটবল কর্তৃপক্ষ সমকামী অধিকারসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানায়।
এর আগে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেস চলাকালে বিক্ষোভকারীরা ইরানকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছিল। তাদের অভিযোগ ছিল, দলটি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না।
এদিকে টুর্নামেন্ট শুরুর আগে সাংগঠনিক চ্যালেঞ্জেও পড়েছে ইরান।তাদের টিকিট বরাদ্দ প্রত্যাহার করা হয়েছে, ফলে অনেক সমর্থক মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ হারাচ্ছেন বলে জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন । সব মিলিয়ে, বিশ্বকাপ শুরুর আগেই ইরানকে ঘিরে রাজনৈতিক ও ক্রীড়াবিষয়ক উত্তেজনা বাড়ছে, যা এবারের আসরে নতুন এক ভূ-রাজনৈতিক মাত্রা যোগ করেছে।