রাজশাহী নগরীর মোন্নাফের মোড় এলাকায় বিদ্যুতের খুঁটিতে জড়ানো ডিশ ও ইন্টারনেটের তারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনায় পাঁচটি পোলের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় গ্রাহকেরা।
দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) কর্মীরা জানান, কাজ চলমান রয়েছে। গ্রাহকদের বিদ্যুৎ পেতে সময় লাগবে।
তবে বিদ্যুতের পোলের সঙ্গে জড়িয়ে থাকা ডিশ ও ইন্টারনেটের তারে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। সংশ্লিষ্টরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে নগরজুড়েই পোলে পোলে এমন বিদ্যুতের তারের জটলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যুতের পোলের সঙ্গে থাকা তারগুলোতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে এক তার থেকে অন্য তারে আগুন ছড়িয়ে পড়ে। এভাবে পাঁচ থেকে ছয়টি পোল পর্যন্ত তারে আগুন জ্বলে যায়। ফলে তারগুলো আগুনে পুড়ে খণ্ড খণ্ড হয়ে মাটিতে পড়তে থাকে।
এ সময় রাজশাহী নগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তিনি ফায়ার সার্ভিসে ফোন করে অগ্নিকাণ্ডের ঘটনাটি জানান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মোন্নাফের মোড়ের ব্যবসায়ী ইদ্রীস আলী জানান, সকালে দোকান খোলার সময় দেখছি তারে আগুন জ্বলছে। অনেকেই বলেছেন, এর আগে কয়েকবার বিদ্যুতের তারে ফায়ারিং হয়েছে। তারপরে আগুন লেগে যায়। বিদ্যুতের পোলগুলোতে (খুঁটি) অনেক ডিশ ও ইন্টারনেটের তার ঝুলিয়ে রাখা হয়েছে। তারে আগুন লেগে এক পোল থেকে অন্য পোলে ছড়িয়ে গেছে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ফরহাদ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। নেসকোর নির্বাহী প্রকৌশলী সুব্রত দাস বলেন, মোন্নাফের মোড়ে বিদ্যুতের তারে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ চলছে।
এদিকে এমদাদুল হকসহ স্থানীয়রা বৈদ্যুতিক পোলগুলো থেকে তারের জটলা অপসারণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিদ্যুতের খুঁটিতে ডিশ ও ইন্টারনেট তারের জটলা নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে নেসকোর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।