বিয়ের পাঁচ মাসের মধ্যেই সংসার ভাঙার গুঞ্জনে আলোচনায় পশ্চিমবঙ্গের তারকা জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, দাম্পত্য জীবনে নাকি টানাপোড়েন চলছে তাদের। এমনকি আলাদা থাকছেন বলেও ছড়িয়েছে নানা গুঞ্জন।
এত দিন বিষয়টি নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি। তবে বিচ্ছেদের গুঞ্জন যখন ক্রমেই জোরালো হচ্ছে, তখন অবশেষে মুখ খুলেছেন এই অভিনেতা ।
গত বৃহস্পতিবার শুটিং সেট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন এই অভিনেতা। সেখানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা আলোচনা ও কাদা ছোড়াছুড়িতে হতাশা প্রকাশ করেন তিনি।
রণজয় বলেন, কখনো ভাবেননি এমন একটি বিষয় নিয়ে তাকে প্রকাশ্যে কথা বলতে হবে। তার ভাষ্য, ভালোবেসেই তারা বিয়ে করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে তিনি আগ্রহী নন। একই সঙ্গে জানান, চলমান পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত।
শ্যামৌপ্তিকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্যের বিরুদ্ধেও সরব হন রণজয়। তিনি বলেন, একজন নারীকে নিয়ে কথা বলার আগে সবার একটু ভাবা উচিত। শ্যামৌপ্তির সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো তার প্রাপ্য নয়।
দাম্পত্য জীবনে কী ঘটেছে, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি অভিনেতা। বরং বিষয়টি নিজেদের মধ্যেই সমাধান করার আহ্বান জানিয়েছেন তিনি। রণজয়ে বলেন, তারা বিয়ে করেছেন এবং নিজেদের মধ্যে যা-ই হয়ে থাকুক, তা তারা নিজেরাই বুঝে নেবেন। কারও কাছে নিজেদের সম্পর্কের প্রমাণ দেওয়ার কোনো দায় তাদের নেই।
আবেগঘন কণ্ঠে রণজয় অনুরোধ জানান, তাদের নিজেদের মতো করে বাঁচতে দেওয়া হোক। এত মিথ্যা রটনা আর নিতে পারছেন না বলেও জানান তিনি।
এদিকে শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জনের পাশাপাশি আরেক অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে রণজয়ের সম্পর্ক নিয়েও চলছে নানা আলোচনা। তাদের ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা ছড়ালেও এ বিষয়ে কোনো প্রমাণ সামনে আসেনি।
এই গুঞ্জন নিয়েও প্রশ্ন তুলেছেন রণজয়। তার পাল্টা প্রশ্ন, এসব কথার প্রমাণ কোথায়?
তবে সত্যিই কি রণজয় ও শ্যামৌপ্তির দাম্পত্যে ভাঙন ধরেছে, নাকি সাময়িক কোনো ভুল বোঝাবুঝি-সে উত্তর এখনো মেলেনি। আপাতত দুজনের ব্যক্তিগত জীবনের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে ভক্তদের।