দৈনিক ৫০০ টাকা মজুরি, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণবিক্ষোভ ও সমাবেশ করেছেন চা শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার টিপড়াছড়া চা বাগানের শ্রমিকরা দুই ঘণ্টা কাজ বন্ধ রেখে বাগানের নাটমন্দিরে এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশের সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকের আয়োজনে এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির আহ্বায়ক বিশু প্রসাদ গোয়ালা, যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, চা শ্রমিক নেত্রী বৃন্দা রানী তাঁতী, ঝিনুক ব্যানার্জী, রিপন তন্তবায়, রঞ্জু তাঁতী, নিরঞ্জন দাশ, জয় কুমার পাল এবং কেজুরিছড়া চা বাগানের সভাপতি মহেশ্বর দাশ। এ সময় স্থানীয় চা শ্রমিক, ছাত্র ও যুব প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ বলেন, চা শ্রমিকরা মৌলিক নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত। প্রায় দুই শতাব্দী ধরে চা বাগানে বসবাস করলেও অধিকাংশ শ্রমিকের নিজস্ব জমির মালিকানা নেই। বর্তমান বাজারদরে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে একটি পরিবারের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়। শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ মেটাতে গিয়ে অধিকাংশ শ্রমিক পরিবার চরম আর্থিক সংকটে রয়েছে।
তিনি বলেন, তাই দৈনিক ৫০০ টাকা মজুরি এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।