কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের মোট ১৩৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭টিকে ঝুঁকিপূর্ণ এবং ১১টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ঝুঁকি থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন। তাদের মধ্যে লাকসাম উপজেলায় ২ লাখ ৪৮ হাজার ৪২৯ জন এবং মনোহরগঞ্জ উপজেলায় ২ লাখ ৩০ হাজার ১০৬ জন। দুই উপজেলার মোট ভোটারদের মধ্যে ২ লাখ ৪৭ হাজার ৭৬৫ জন পুরুষ এবং ২ লাখ ৩০ হাজার ৭৬৯ জন নারী রয়েছেন। এ ছাড়া এ আসনে মাত্র একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
সূত্রে আরও জানা যায়, কুমিল্লা-৯ আসনের লাকসাম উপজেলা ও পৌরসভায় মোট ৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে ১০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনী আসনের আওতাধীন মনোহরগঞ্জ উপজেলায়ও ৬৭টি ভোট কেন্দ্র রয়েছে। এগুলোর মধ্যে ৩৬টি ঝুঁকিপূর্ণ ও ১১টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ ও মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম জানান, কিছু কিছু কেন্দ্রে ঝুঁকি থাকলেও অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নির্ভয়ে ভোটদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান তারা।