নারায়ণগঞ্জের বন্দরের হাজীপুর এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী (৪০) নামে এক স্কুল দপ্তরীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩ জুন) সকালে হাজীপুর এলাকার পূর্ব হাজীপুর কবরস্থান রোডে এ ঘটনা ঘটে।
নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ছিলেন। তিনি পূর্ব হাজীপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে। এ ঘটনায় জুয়েল (২৮) ও জামান (৪৭) নামে আরও দুইজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, পূর্ব হাজীপুর কবরস্থান রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজ চলছিল। এ সময় টিউবওয়েলের লোহার পাইপ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে আহমদ আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।