চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বৃহস্পতিবার দিনব্যাপী একাধিক উন্নয়ন, জনকল্যাণ ও প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেন।
দিনের শুরুতে তিনি চাঁদপুর সদর উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE)-এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে সদর ও হাইমচর উপজেলা আইনশৃঙ্খলা এবং মাসিক সমন্বয় সভায় যোগ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও জনসেবা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। মাদকবিরোধী অভিযানকে আরও স্বচ্ছ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের পরামর্শ দেন তিনি।
এদিন তিনি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এছাড়া আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতি সভায় অংশ নিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান।পরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ (LCS) কর্মসূচির আওতায় ১৮ জন দরিদ্র ও অসহায় নারী কর্মীর মাঝে জনপ্রতি ১ লাখ ৮ হাজার টাকা করে চেক বিতরণ করেন। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ চলমান থাকবে।দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।