আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ১১৬টি সংসদীয় আসনের ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি আসনগুলোর ব্যালট আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।
ইসি সচিব বলেন, কয়েকটি আসনে আদালতের নির্দেশে ও শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পাওয়ায় ব্যালট পেপার পুনর্মুদ্রণ করতে হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট আসনগুলোতে ব্যালট পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সামগ্রিকভাবে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করছে বলে তিনি দাবি করেন।
নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে অপতথ্য ও তথ্যের অপপ্রচারকে কমিশন অত্যন্ত গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আক্রমণাত্মক কনটেন্ট অপসারণের লক্ষ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তবে তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের সময় ইন্টারনেটের গতি কমানোর মতো কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে নয় কমিশন।
মন্তব্য করুন