চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে অবৈধভাবে টিলা শ্রেণির জমি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি মিনি ট্রাক আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা ২০ মিনিট এবং রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত আনসার ও ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
অভিযানকালে ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে খালের পাশে টিলা শ্রেণির জমি কাটার দায়ে দুটি মিনি ট্রাক আটক করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মনির আহমেদ (৫২) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত ফজল আহমেদের ছেলে।
এ ছাড়া ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কাটবেন না মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।