চাঁদপুরের হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসএসসি/সমমান পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী এবং সংগঠনের সাবেক সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়।
গতকাল রোববার (৩১ মে ২০২৬) সকালে দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা আবদুল লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মোঃ সালেহ আহমেদ এবং সাধারণ সম্পাদক জাফর আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার সাবেক সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মকর্তা এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের প্রধান উপদেষ্টা এ. জেড. এম. আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনীর সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন আহমেদ সোহাগ, লক্ষ্মীপুর জেলা পরিসংখ্যান বিভাগের উপপরিচালক মোঃ কামাল হোসাইন, হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদ উল্লাহ, কলেজটির সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন পাটোয়ারী, আল-আমিন মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সংগঠনের সাবেক সভাপতি বুলবুল ইসমাইল এবং হাইমচর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মওদুদ হাসান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার ভূমি উপ-সহকারী কর্মকর্তা ইমান হোসেন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জয়দেব চন্দ্র দত্ত, সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ কমল সরকার।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সদস্যদের মধ্যে সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগদানকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন— বুলবুল ইসমাইল (প্রভাষক, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মোঃ এনামুল হক (সাব-ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ) এবং মোঃ ফারুকুল ইসলাম (আয়কর আইনজীবী)। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি নাজমুল আল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী এবং ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি তাদের জন্য ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং লেখাপড়ার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।