পাকিস্তান কি টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে?
পাকিস্তান তাদের বিশ্বকাপ দল ঘোষণার পরও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ভারতের ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে অবশ্য নিশ্চিত, পাকিস্তান বিশ্বকাপে খেলবেই। অন্যদিকে ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে মনে করেন, বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, তা জানা যাবে আগামীকাল অথবা আগামী সোমবার। গত ২৬ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন পিসিবির প্রধান মহসিন নাকভি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।
ভারত ও পাকিস্তানের চুক্তি অনুযায়ী, পাকিস্তান তাদের বিশ্বকাপ ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। ভারতের তারকা ক্রিকেটার আজিঙ্কা রাহানে মনে করেন, বিশ্বকাপ বয়কট করার মতো সাহস পাকিস্তানের নেই।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর একটি আলোচনায় তিনি বলেছেন, ‘আমার মনে হয় পাকিস্তান (বিশ্বকাপে) না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।’
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে। অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়। তারা বিশ্বকাপ খেলবে। এটা ক্লাব ক্রিকেট না যে ওরা বলবে, ম্যানেজার আসেনি—তাই খেলব না, ওয়াকওভার দেব। এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না, আমরা ভারতের বিপক্ষে খেলব না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে এর বিশাল প্রভাব পড়বে।’
পিসিবি এমনিতেই আর্থিক সংকটে জর্জরিত। বিশ্বকাপে না গেলে তারা বড় ধরনের আর্থিক ধাক্কা খাবে। হার্শা বলেন, ‘পাকিস্তানও জানে তারা বিশ্বকাপে খেলবে। তারা এমনিতেই কোলাহল করছে। আমার মনে হয় পাকিস্তানও জানে, তারা যদি বলে বিশ্বকাপ খেলব না, তাহলে বলা হবে—এসো না। কেউ তাদের গিয়ে বলবে না, আসো আসো।’