নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্ক-এ বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় এক টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, “টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬” নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিকের পথরোধ করে অশ্লীল ভাষায় হয়রানি ও ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করলে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ধারায় মামলা রুজু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মোঃ আমিনুল ইসলাম-কে রাজশাহী থেকে আটক করে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আব্দুল জাব্বার সুজন, নাটোর