প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ।

কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে দুর্বৃত্তদের হামলার পর ব্যবসায়ীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার বেলা ১১টায় কিচেন মার্কেটের সামনে নতুন করে শুরু হওয়া চাঁদাবাজির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধনে সমবেত হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মানববন্ধন শুরু হওয়ার প্রায় আধা ঘণ্টা পর হঠাৎ হামলাকারীরা তাদের ওপর আক্রমণ চালায়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় যুবদলের কয়েকজন নেতা-কর্মী ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। কোনো উসকানি ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।’
অন্য ব্যবসায়ী জানান, গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর চাঁদাবাজি বন্ধ ছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে স্থানীয় যুবদল পরিচয়ধারী এক গোষ্ঠী আবার দোকানিদের কাছ থেকে টাকা আদায় শুরু করেছে। ‘তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আজ মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছি।’
হামলার পর ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে লাঠিসোঁটা হাতে হামলাকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একটি মিছিলও বের করেন।
অন্যদিকে, স্থানীয় যুবদলের এক নেতা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘কিচেন মার্কেট কমিটিকে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এক যুবদল নেতাকে কমিটি থেকে সরিয়ে আরেকজনের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।’
তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানান যে, চাঁদাবাজিবিরোধী মানববন্ধনকালে ব্যবসায়ীদের ওপর একদল লোকের হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ অবস্থান করছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV