প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
চাঁপাইনবাবগঞ্জে যুবককে কোপানোর ঘটনায় গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান সিজু নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শাহ আলম ও আব্দুর রাজ্জাক।
স্থানীয়রা জানান, গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উমরপুর ঘাটে সিজুর কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। সে বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর মা সুফিয়া বেগমের অভিযোগ, মোস্তাক নামের একজন তার ভাগ্নের নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে তাকে ঢাকা নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা মামলা করলে তাদের হাজতে নেয় পুলিশ। পরে মোস্তাক জামিনে বেরিয়ে ভাগ্নের মেয়েকে আবারও উত্যক্ত করা শুরু করে। এ ঘটনাকে কেন্দ্র করে সিজু মোস্তককে নিষেধ করে এবং ধমক দেয়। এর জেরে বুধবার সন্ধ্যায় জামায়াতের আব্দুর রাজ্জাক হুজুরসহ কয়েকজন সিজুর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে বেঁধে রাখা হয়। পরে শিবিরের ক্যাডারদের ডেকে সিজুকে মারধর এবং কুপিয়ে জখম করা হয়।
ভুক্তভোগীর মা আরও অভিযোগ করেন, সিজুর বাম হাতের রক্তনালী বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তার হাত কেটে ফেলে দিতে হবে। সিজু আগে উশৃংখল থাকলেও গত দেড় বছর থেকে কোনও খারাপ কাজে জড়িত ছিলো না। সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
তবে হামলাকারীদের সাথে জামায়াতের সম্পৃক্তার কথা অস্বীকার করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে শিবগঞ্জ উপজেলা জামায়াত। উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম বলেন, সিজু এলাকায় সন্ত্রাসী নামেই পরিচিত। এ ঘটনায় যাদের নাম এসেছে তারা আমাদের অঙ্গ সংগঠনের কর্মী নয়। তবে আমাদের সমর্থক হতে পারে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় আহত ব্যক্তির বাবা বাদি হয়ে মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে শাহ আলম ও আব্দুর রাজ্জাক নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযানে চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV