প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
নোয়াখালীর বিশেষ অভিযানে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ নুর (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ আটক করেছে পুলিশ। তবে পুলিশের অভিযানের সময় পিকআপের চালক গাড়ি ফেলে কৌশলে পালিয়ে যায়।
বুধবার মধ্যরাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াবার বিশাল চালানটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় রাত সোয়া ১টার দিকে টেকনাফ থেকে আসা একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হলেও চালক কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার সৈয়দ নুর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ৫ নম্বর নিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান কামাল।
এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV