প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 17, 2026 ইং
বরগুনায় প্লাস্টিকের ব্যবহার কমাতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্লাস্টিকের ব্যবহার কমানোর আহ্বানে বরগুনায় বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখা মানববন্ধন করেছে । পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বাড়ানো এবং দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর গুরুত্ব দেন বক্তারা।
গতকাল রবিবার সকালে বরগুনা শহরে বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার উদ্যোগে এ সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর সাইদুর রহমান সজীব, বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্স, ব্যবসায়ী শানু মিয়া, মাইনুদ্দিন, বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার সহ-সভাপতি শামসুর রহমান, মশিউর রহমান, সিফাত হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। প্লাস্টিক বর্জ্য নদী, খাল ও জলাশয়ে ফেলে দেওয়ায় পানি দূষণের পাশাপাশি মাটি ও জলজ প্রাণীর ওপরও বিরূপ প্রভাব পড়ছে। তাই পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য ও অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমাতে ব্যক্তিপর্যায় থেকে সচেতনতা গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাও জরুরি। পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্লাস্টিক বর্জন ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV