প্রিন্ট এর তারিখঃ Jul 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 3, 2026 ইং
অস্বাভাবিক গরমে বিশ্বকাপ নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে তীব্র গরম ও আর্দ্রতা নিয়ে উদ্বেগ বাড়ছে। জলবায়ুবিষয়ক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের (ডাব্লিউডাব্লিউএ) বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনই এই অস্বাভাবিক আবহাওয়ার মূল কারণ, যা খেলোয়াড় ও দর্শকদের জন্য ঝুঁকি তৈরি করছে।
বিজ্ঞানীদের মতে, যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশজুড়ে তৈরি হওয়া 'হিট ডোম' বা উচ্চচাপের কারণে আটকে থাকা গরম বাতাসের প্রভাবে তাপমাত্রা ও আর্দ্রতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর ফলে বিশ্বকাপের বেশ কয়েকটি ভেন্যুও তীব্র গরমের কবলে পড়েছে।
বিশেষ করে শনিবার ফিলাডেলফিয়ায় প্যারাগুয়ে ও ফ্রান্সের ম্যাচটি এমন তাপমাত্রায় অনুষ্ঠিত হওয়ার কথা, যা খেলোয়াড়দের নিরাপদভাবে খেলার জন্য আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রো (এফআইএফপিআরও) নির্ধারিত সুপারিশকৃত সীমার চেয়েও বেশি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে, এই হিট ডোমের কারণে দেশটির মধ্য-পশ্চিম ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় অনুভূত তাপমাত্রা ১০৫ থেকে ১১৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪১ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে। এতে বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ বাড়ার পাশাপাশি স্বাধীনতা দিবসের নানা আয়োজনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের জলবায়ুবিজ্ঞানী অধ্যাপক ফ্রিডেরিকে অটো বলেন, ‘যখন স্বাধীনতা দিবসের মতো বড় উৎসব ব্যাহত হয় এবং বিশ্বকাপের ম্যাচ খেলোয়াড় ও দর্শকদের জন্য অনিরাপদ পরিবেশে আয়োজন করতে হয়, তখন জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বুঝতে আর নতুন কোনো গবেষণার প্রয়োজন হওয়া উচিত নয়।’
তার ভাষায়, ‘জলবায়ু পরিবর্তন এখনই আমাদের দৈনন্দিন জীবন ও প্রিয় খেলাধুলার ওপর প্রভাব ফেলছে। কার্বন নিঃসরণ কমাতে যত দেরি হবে, পরিস্থিতি ততই খারাপ হবে।’
বিশ্বকাপে তীব্র গরম নতুন কোনো বিষয় নয়। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও অতিরিক্ত তাপমাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ফিফপ্রো। পরে বিশ্বকাপের সূচি ও ভেন্যু নির্ধারণে খেলোয়াড়দের স্বাস্থ্য বিবেচনায় নেওয়ার জন্য ফিফার প্রশংসা করলেও সংস্থাটি জানিয়েছিল, কিছু ম্যাচ এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ফিফপ্রোর মতে, পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকায় ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্ট ও বিভিন্ন লিগের সূচি তৈরির সময় গরমের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
এদিকে ফিফার এখনো এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই, যার মাধ্যমে চরম গরমের কারণে স্বয়ংক্রিয়ভাবে কোনো ম্যাচ স্থগিত করা হবে। রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV