প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 11, 2026 ইং
৯৩১০ হাজার ইয়াবাসহ সম্রাট 'বুলেট ফারুক' আবারো গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার শীর্ষ মাদক কারবারি ১১ হাজার ইয়াবাসহ আটক হওয়ার ৩ মাস পর জামিন পাওয়ার পর ফের ইয়াবা সম্রাট মোঃ ওমর ফারুক ওরফে বুলেট ফারুককে (৪৪) আবারো ৯ হাগার তিনশত দশ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ জুন) রাত ৮.৩০ মিনিটে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন।
একই দিন বিকেলে ৫টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী জেলা কার্যালয় ও র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি যৌথ দল বেগমগঞ্জ মডেল থানার জমিদারহাট পূর্ব বাজার এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অভিযানকালে বুলেট ফারুকের কাছ থেকে ৯,৩১০ পিস অবৈধ মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (ওজন ৯২০ গ্রাম), মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, মাদক বহনে ব্যবহৃত একটি দামী 'রয়েল এনফিল্ড' মোটরসাইকেল এবং ২টি মোবাইল সেট জব্দ করা হয়।
ডিএনসি জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদ ছিল যে বুলেট ফারুক তার নিজস্ব রয়েল এনফিল্ড মোটরসাইকেল ব্যবহার করে নিয়মিত চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবার বড় চালান পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে ডিএনসি নোয়াখালীর পরিদর্শক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এবং র্যাব-৭ ফেনী টিমের সহায়তায় ফেনী-চৌমুহনী মহাসড়কের জমিদারহাট পূর্ব বাজারস্থ এলাকায় চেকপোস্ট বসানো হয়।
বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই অভিযানে ফারুকের মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় আসামির কোমরে কস্টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ৫,৩১০ পিস এবং মোটরসাইকেলের টুলবক্সের ভেতর থেকে আরও ৪,০০০ পিসসহ সর্বমোট ৯,৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানাযায়, , বুলেট ফারুক নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ এবং ফেনীর দাগনভূঞা এলাকার শীর্ষ মাদক সম্রাট। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ১১টি মাদক মামলা চলমান রয়েছে। এর আগেও গত বছরের ২৫ সেপ্টেম্বর ফেনীর দাগনভূঞা এলাকা থেকে ১১,০০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছিল ডিএনসি। কিন্তু গত ডিসেম্বর মাসে জামিনে বের হয়ে সে আবারো পুরনো পেশায় ফিরে যায়। এখন জনমনে প্রশ্ন উঠছে ১১ হাজার ইয়াবাসহ ১১ টি মামলার আসামী কিভাবে ৩ মাসের মাথায় জামিন ফেলো?
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছে, সে প্রতি সপ্তাহে ২/৩ বার মোটরসাইকেলে করে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ ও ফেনীর দাগনভূঞার বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ীদের সরবরাহ করত। নোয়াখালীতে তার অধীনে ৩টি শক্তিশালী খুচরা মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: "তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত বুলেট ফারুকের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।"
মাদক নির্মূলে এই ধরনের যৌথ অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে ডিএনসি সূত্রে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV