প্রিন্ট এর তারিখঃ Aug 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2026 ইং
ইউক্রেন-রাশিয়ার মধ্যে আবারও বন্দি বিনিময়

ইউক্রেন ও রাশিয়া আবারও বন্দি বিনিময় করেছে । গতকাল শুক্রবার উভয়পক্ষ ১৯৩ জন করে যুদ্ধবন্দিকে মুক্ত করে নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে।
যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত এই বিনিময় প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছে। টানা চার বছর ধরে যুদ্ধে লিপ্ত রাশিয়া ও ইউক্রেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের আগ্রাসন শুরু করে রাশিয়া।
বন্দি বিনিময় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেন, “বন্দি বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মানুষরা দেশে ফিরছে-এটাই সবচেয়ে বড় বিষয়।”
ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র ও আমিরাত এই বন্দি বিনিময়ে সহায়তা করেছে।
গত চার বছরে যুদ্ধ চলাকালে বহুবার বন্দি বিনিময় করেছে দুই দেশ। এতে হাজার হাজার যুদ্ধবন্দি নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছে।
জেলেনস্কি জানান, ফেরত আসা বন্দিদের মধ্যে সেনা সদস্য, সীমান্তরক্ষী ও পুলিশ সদস্য রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ আহত ছিলেন, আবার কেউ রাশিয়ায় বিভিন্ন অভিযোগের মুখোমুখি হয়েছিলেন।
ইউক্রেনে ফিরে আসার পর মুক্তিপ্রাপ্তদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। দেশের পতাকা জড়িয়ে তারা বাস থেকে নেমে স্বজনদের সঙ্গে মিলিত হন।
ফিরে আসা এক সেনা সদস্য সেরহি (শুধু প্রথম নাম প্রকাশ) বলেন, “এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি দেশে ফিরেছি। তিন বছর বন্দি ছিলাম... আমাদের ইউক্রেনের আকাশ, আমাদের গাছ- এই সবই এখন আনন্দের।”
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV