প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 22, 2026 ইং
কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

ঈদের ছুটিতে রাজধানী ঢাকা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। মানুষের চাপ কমে যাওয়ায় সড়কে যানজট নেই, কমেছে বায়ু ও শব্দদূষণ। কোলাহলমুক্ত পরিবেশে নগরবাসী এখন অনেকটাই স্বস্তিতে চলাচল করছেন।
ছুটির শুরুতে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঈদের দিন পর্যন্ত এ সংখ্যা কোটি ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে দুই কোটির বেশি মানুষের এই নগরী এখন অনেকটাই ফাঁকা।
মানুষ ও যানবাহনের চাপ কমে যাওয়ায় ঢাকার বায়ুমানেও ইতিবাচক পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক বায়ুমান নির্ধারণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার ঢাকার বাতাস ‘গ্রহণযোগ্য’ পর্যায়ে ছিল। বেলা পৌনে ১২টায় একিউআই স্কোর ছিল ৮১, যা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত।
তবে বিকেলের দিকে দর্শনার্থীদের চলাচল বাড়ায় বায়ুমান কিছুটা খারাপ হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টায় ঢাকার একিউআই দাঁড়ায় ১১৭, যা সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ের কাছাকাছি।
বিশেষজ্ঞরা বলছেন, ছুটিতে যানবাহন ও শিল্পকারখানার কার্যক্রম কমে যাওয়া এবং সাম্প্রতিক বৃষ্টিপাত এই দুইয়ের প্রভাবে বায়ুমান উন্নত হয়েছে। বৃষ্টির পানিতে বাতাসের ক্ষতিকর ধূলিকণা নিচে নেমে আসে, ফলে দূষণ কমে যায়।
তবে এই স্বস্তি সাময়িক। সোমবার বিকাল থেকে মানুষ রাজধানীতে ফিরতে শুরু করলে আবারও যানবাহনের চাপ ও দূষণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV